শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬৪ জন কে গভীর পর্যবেক্ষণে রাখার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করা হয়েছে, যাদের বেশীর ভাগই বিদেশ ফেরত প্রবাসী। তবে দিনের বাকি সময় এ সংখ্যা আরো বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদুর রহমান যুগান্তরকে জানান, প্রতিদিন সকালে সর্বশেষ পরিস্থিতি নিরূপণ করা হচ্ছে। তিনি বলেন, করোনা মোকাবেলায় সব রকম প্রস্তুতি নেয়া আছে। স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ডরমেটারীর ৩টি রূমে ৮টি বেড প্রস্তুত করে রাখা হয়েছে। তিনি বলেন, এনিয়ে প্রশাসনের সমন্বয়ে গঠিত কমিটি পরিস্থিতির উপর সার্বক্ষনিক নজর রাখছে। ডা. সাজ্জাদুর রহমান, সব ধরনের গনজমায়েত এড়িয়ে চলতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এদিকে করোনা ভাইরাসের সংক্রামন থেকে রেহাই পেতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীমঙ্গলের সবকটি সিনেমা হল, চিড়িয়াখানা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন থেকে শহরে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। অনেক স্থানে অজানা আশংকায় সাধারণ মানুষকে অতিরিক্ত নিত্যপন্য কিনতে দেখা গেছে।